টেকনাফ সরকারি ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণির নির্বাচনী আইসিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ঘটনায় তদন্তের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে পরীক্ষা শুরু হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রটি ভাইরাল হলে বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসে।
এরপরই কলেজ কর্তৃপক্ষ আইসিটি বিষয়ের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেন। স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
পরীক্ষা স্থগিত হওয়ার পর শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে কলেজ প্রাঙ্গণ ত্যাগ করে। আইসিটি বিভাগের শিক্ষার্থীরা জানান, সকালেই তারা পরীক্ষার জন্য কলেজে আসেন, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের খবর ছড়িয়ে পড়ায় পরীক্ষা বন্ধ হয়ে যায়।
টেকনাফ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সন্তোষ কুমার শীল বলেন, দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষার আইসিটি প্রশ্নপত্র ফাঁস হওয়ার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পরীক্ষা স্থগিত করেছি। একই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে যারা প্রশ্নপত্র ফাঁসে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে তারা এ বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখবে।
সুত্র : টেলিগ্রাম নিউজ
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com