
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার উখিয়ায় ড্রাম ভর্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫। যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকারও বেশি বলে জানাগেছে। গ্রেফতারকৃত আসামি উখিয়া হাজিরপাড়া ওয়াপালং (০৬ নং ওয়ার্ড, রাজাপালং ইউপি) মৃত আবুল কালামের মেয়ে শাকিলা শারমিন রেশমী(২২) মোহাম্মদ ইদ্রিস এর স্ত্রী।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কক্সবাজার র্যাব ১৫ এর সহকারী পরিচালক ( মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদে তা নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় কতিপয় শীর্ষ মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রেখে কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করতে র্যাব-১৫ এর ( সিপিসি-২ হোয়াইক্যং) একটি বিশেষ আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে গত ৬ জুলাই হাজিরপাড়া সাকিনস্থ একটি বসত বাড়ীতে এক ঝটিকা অভিযান পরিচালনা করে।
র্যাবের আভিযানিক দলটির উপস্থিতি টের পাওয়া মাত্রই বাড়ীর ভেতর অবস্থান করা মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেষ্টনী ভেদ করে পালানোর জন্য মরিয়া হয়ে ওঠে। তারা একটি প্লাস্টিকের ড্রাম ফেলে রেখে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা অত্যন্ত সাহসিকতার সাথে ধাওয়া করে ঘটনাস্থলেই ১ জন নারী মাদক কারবারিকে অবরুদ্ধ ও গ্রেফতার করতে সক্ষম হয়। তবে সুকৌশলে তার অপর এক সহযোগী মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ধৃত নারী আসামির ঘর ও ফেলে যাওয়া প্লাস্টিকের ড্রামটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে ড্রামের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ লক্ষ ১০ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য কোটি টাকার ঊর্ধ্বে। উদ্ধারকৃত আলামতসমূহ আইনানুযায়ী জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি শাকিলা শারমিন রেশমীর বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে তার সরাসরি জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য মিলেছে। উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং ধৃত আসামিসহ পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করতঃ নিয়মিত এজাহার দাখিলপূর্বক উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com