টেকনাফে যুব নেতৃত্বে চিহ্নিত স্থানীয় সমস্যা সমাধান এবং এসব সমস্যা স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “নেক্সাস কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে সেবা প্রদানকারীদের সঙ্গে অ্যাডভোকেসি” শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) টেকনাফ উপজেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ সংলাপে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, স্থানীয় জনগোষ্ঠী, যুব প্রতিনিধি, সামাজিক ও পেশাজীবী বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
শেড অ্যাকশন ফর ট্রান্সফরমেশন (এ৪টি) প্রকল্প, অ্যাকশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এবং এক্টিভিস্তা টেকনাফ টিম এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন শেড এর প্রজেক্ট অফিসার তাসলিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন শেড (এ৪টি) প্রকল্প এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ।
অনুষ্ঠানে প্যানেল আলোচনার মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন শেড -এর ডেপুটি ডিরেক্টর জনাব আবদুল মান্নান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফের উপজেলা নির্বাহী অফিসার জনাব এস. এম. অনীক চৌধুরী। প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ টেকনাফ মো. জসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন এবং এক্টিভিস্তা টেকনাফ টিম এর প্রতিনিধি মো. সোহেল।
কমিউনিটি থেকে উঠে এসেছে অগ্রাধিকারভিত্তিক সমস্যা
নেক্সাস অ্যাডভোকেসি সংলাপের ভিত্তি তৈরি হয় টেকনাফ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আয়োজিত ধারাবাহিক কমিউনিটি পর্যায়ে নেক্সাস পরামর্শমূলক কর্মশালা থেকে। এসব পরামর্শ সভায় যুব, নারী, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক শ্রেণির মানুষ, রাকাইন ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, ইমাম, প্রতিবন্ধী ব্যক্তি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অন্যান্য কমিউনিটি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণমূলক আলোচনা ও নেক্সাস অগ্রাধিকার ম্যাট্রিক্স এর মাধ্যমে স্থানীয় সমস্যাগুলোকে মানবিক, জলবায়ু, উন্নয়ন এবং শান্তি/সামাজিক সংহতি—এই চারটি পিলারের আলোকে বিশ্লেষণ ও অগ্রাধিকার দেওয়া হয়।
পরামর্শ সভাগুলো থেকে টেকনাফের বিভিন্ন এলাকায় অপহরণ, মানবপাচার, মাদক, বিদ্যুৎ সমস্যা, মেরিন ড্রাইভে দুর্ঘটনা ও নিরাপত্তা ঝুঁকি, সমুদ্রে লাইফগার্ড ও সার্চ অ্যান্ড রেসকিউ টিমের ঘাটতি, বর্জ্য ব্যবস্থাপনা, পাহাড়ধস, লবণাক্ততা ও নিরাপদ পানির অভাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত হয়।
সমস্যার সমাধানে সরাসরি সেবা প্রদানকারীদের সঙ্গে সংলাপ প্যানেল আলোচনায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিদের কাছে এসব সমস্যা সম্পর্কে বিস্তারিত প্রশ্ন তুলে ধরা হয়। বিদ্যুৎ সমস্যার কারণ ও টেকসই সমাধান, অপহরণ-মানবপাচার ও মাদক প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সমুদ্রসৈকতে লাইফগার্ড ও উদ্ধার ব্যবস্থা এবং মেরিন ড্রাইভের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়।
আলোচনায় শুধু সমস্যার চিত্র তুলে ধরার পরিবর্তে কীভাবে সমাধান করা যায়, কোন প্রতিষ্ঠান কী ভূমিকা রাখতে পারে এবং কীভাবে সমন্বিতভাবে কাজ করা সম্ভব—এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ দায়িত্বের আওতায় চিহ্নিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ ও সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান আলোচক উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী এ ধরনের ব্যতিক্রমধর্মী ও অংশগ্রহণমূলক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, নেক্সাস পরামর্শ এর মাধ্যমে উঠে আসা সমস্যাগুলো টেকনাফের বর্তমান বাস্তবতার সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে আরও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এক্টিভিস্তা টেকনাফ টিম এর যুবদের সঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
নাটক ও যুবদের সৃজনশীল উপস্থাপনা
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এক্টিভিস্তা টিম নাটকের টিম -এর পরিবেশিত সচেতনতামূলক নাটক। নেক্সাস পরামর্শ থেকে উঠে আসা বিভিন্ন সমস্যা—অপহরণ, মানবপাচার, মাদক, নিরাপত্তা ও অন্যান্য সামাজিক সংকট—নাটকের মাধ্যমে জীবন্তভাবে তুলে ধরা হয়। এর মাধ্যমে উপস্থিত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অংশগ্রহণকারীরা সমস্যাগুলোর সামাজিক প্রভাব আরও সহজভাবে উপলব্ধি করার সুযোগ পান।
এছাড়া ইউথ হাব এর সভাপতি আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক তাসমিনা আলী শাকী নেক্সাস কর্মসূচি এর উপস্থাপনার মাধ্যমে কমিউনিটি কনসালটেশনের ফলাফল, অগ্রাধিকার সমস্যা এবং প্রস্তাবিত সমাধানগুলো তুলে ধরেন।
এছাড়া, Activista Team-এর যুব সদস্যরা Nexus Consultation থেকে উঠে আসা অগ্রাধিকারভিত্তিক সমস্যাগুলো ও প্রস্তাবিত সমাধানগুলো প্রজেক্ট শোকেজ স্টলের মাধ্যমে উপস্থাপন করেন এবং আমন্ত্রিত অতিথিদের স্টল ভিজিটের সময় বিস্তারিতভাবে বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রায় ৬০ জন কমিউনিটি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং এক্টিভিস্তা টেকনাফ টিম এর প্রায় ১২০ জন সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। পরবর্তীতে অংশগ্রহণকারীদের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরাসরি প্রশ্ন গ্রহণ করে প্রয়োজনীয় উত্তর প্রদান করেন। এতে স্থানীয় জনগণ ও যুবদের সঙ্গে সরকারি সেবা প্রদানকারীদের সরাসরি সংযোগ আরও শক্তিশালী হয়।
বিকেলে এক্টিভিস্তা টেকনাফ টিম এর পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
এই নেক্সাস অ্যাডভোকেসি সংলাপের মাধ্যমে কমিউনিটির চিহ্নিত সমস্যা, যুবদের নেতৃত্ব এবং সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর দায়িত্বকে একই প্ল্যাটফর্মে আনার একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় বাস্তবতা থেকে উঠে আসা অগ্রাধিকারগুলোকে সংশ্লিষ্ট দপ্তরের পরিকল্পনা ও কার্যক্রমের সঙ্গে যুক্ত করার মাধ্যমে টেকনাফে আরও সমন্বিত, অন্তর্ভুক্তিমূলক ও স্থানীয়ভাবে নেতৃত্বাধীন উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হয়েছে। অ্যাকশনএইড বাংলাদেশ -এর নেক্সাস পদ্ধতি ও স্থানীয় যুব ও জনগোষ্ঠীকে সরকারি ও অন্যান্য অংশীজনের সঙ্গে সংযুক্ত করে সমন্বিত সমাধান তৈরির ওপর গুরুত্ব দেয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off