উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
উখিয়া প্রেসক্লাবের ৩৫ বছরের ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসেবে টানা তিনবার সভাপতি নির্বাচিত হয়ে প্রায় সাত বছর দায়িত্ব পালনের অনন্য রেকর্ড গড়েছেন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সাঈদ মুহাম্মদ আনোয়ার।
গঠনতন্ত্র অনুযায়ী একই পদে টানা তিনবারের বেশি প্রার্থী হওয়ার সুযোগ না থাকায় আগামী নির্বাচনে তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। নতুন নেতৃত্বের জন্য সুযোগ সৃষ্টি করতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, ‘উখিয়া প্রেসক্লাবে টানা তিনবার সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে এবার আর সভাপতি পদে প্রার্থী হইনি। নতুনদের এগিয়ে আসা এবং নতুন নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ করে দিতে চেয়েছি।’
স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে তিনি ২০১৯ সালের ৫ ডিসেম্বর থেকে টানা তিন মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছেন। ১৯৯১ সালের ২৭ অক্টোবর উখিয়া প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে টানা তিনবার সভাপতি নির্বাচিত হওয়ার ঘটনা এই প্রথম। এছাড়াও তিনি ইতিপূর্বে উখিয়া প্রেস ক্লাবের একাধিক বার আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন।
১৯৯৫ সালের মাঝামাঝি সময় থেকে সাংবাদিকতা পেশায় সরাসরি যুক্ত সাঈদ মুহাম্মদ আনোয়ার। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি কক্সবাজার জেলার প্রথম রঙিন পত্রিকা দৈনিক ইনানীর নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধান, দৈনিক দৈনন্দিনের বার্তা সম্পাদক এবং দৈনিক আজকের দেশ বিদেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে প্রায় দেড় যুগেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিভিন্ন জাতীয় দৈনিক ও স্যাটেলাইট টেলিভিশনে দীর্ঘ সময় কাজ করেছেন।
বর্তমানে তিনি জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি পোস্ট, জাতীয় বাংলা দৈনিক আলোকিত বাংলাদেশ, আঞ্চলিক দৈনিক চাদগাঁর চোখ এবং জাতীয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারে কর্মরত রয়েছেন।
ক্লাবের প্রবীণ ও নবীন সদস্যদের মতে, দায়িত্ব পালনকালে তিনি প্রেসক্লাবের স্বার্থরক্ষা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, পারস্পরিক ঐক্য বজায় রাখা এবং সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
উখিয়া প্রেসক্লাবের ২০২৭–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি ও সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম হেলালী নির্বাচন কমিশনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কমিশনের সদস্য হিসেবে রয়েছেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী এবং উখিয়া প্রেসক্লাবের আইন উপদেষ্টা কমিটির সদস্য জসিম উদ্দিন চৌধুরী।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off