জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য মাদক পরীক্ষা বা ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে কি না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ পাওয়া গেলে কিংবা পরীক্ষা দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে নির্বাচনী আইন ও বিধিমালা সংশোধনের নির্দেশ দেওয়া হবে কি না, তাও জানতে চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান অনি জনস্বার্থে এ বিষয়ে রিট আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, বর্তমান নির্বাচনী আইন ও বিধিমালায় প্রার্থীদের মাদক পরীক্ষার বিষয়ে স্পষ্ট কোনো বাধ্যবাধকতা নেই। অথচ সরকারি চাকরি ও পুলিশে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্টের বিধান রয়েছে।
আইনজীবীর দাবি, জনপ্রতিনিধিদের মাদকমুক্ত থাকা প্রয়োজন। এ কারণে মনোনয়নপত্রের সঙ্গে সরকারি স্বীকৃত পরীক্ষাগার বা হাসপাতাল থেকে ডোপ টেস্টের সনদ জমা দেওয়ার ব্যবস্থা করা উচিত।
রুলে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সাতজনকে জবাব দিতে বলা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off