
মো. আরাফাত সানি, মোহাম্মদ শহিদুল্লাহ, টেকনাফ।
দীর্ঘদিনের যানজট, জনভোগান্তি আর দখলদারিত্বের পর অবশেষে বদলাতে শুরু করেছে টেকনাফ পৌর শহরের চিত্র। পর্যটন নগরী ও সীমান্ত শহর টেকনাফকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করতে ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নেমেছেন পৌর প্রশাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিক চৌধুরী।
আজ শনিবার সকাল থেকেই পৌর শহরের প্রধান সড়কে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অনিক চৌধুরী বলেন- অভিযানের আগে আজ সকাল ১০টার দিকে ইউএনও অনিক চৌধুরী নিজে পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু করে কলেজ রোড, বাজার এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ফুটপাত ও সড়কের ওপর অবৈধভাবে দোকানের মালামাল, ভাসমান দোকান এবং নির্মাণ সামগ্রী রাখা ব্যবসায়ীদের দ্রুত সরিয়ে নিতে মৌখিকভাবে নির্দেশনা দেন এবং সৌন্দর্যবর্ধনের কাজে সহযোগিতা চান।
কিন্তু প্রশাসনের এই নির্দেশনাকে অমান্য করে অনেকেই পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যান। এর প্রেক্ষিতেই দুপুর ১২টার দিকে ইউএনও'র নেতৃত্বে উপজেলা প্রশাসন, পৌরসভা ও থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়।
অভিযানে টেকনাফ পৌরসভার প্রধান সড়কের দুই পাশে জুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, টং দোকান, ফুটপাতে রাখা ফ্রিজ, সাইনবোর্ড ও বাজারের মালামাল জব্দ ও উচ্ছেদ করা হয়। এসময় একটি ডাম্পার দিয়ে ফুটপাতের ওপর অবৈধভাবে নির্মিত কয়েকটি পাকা ভেঙে দেওয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিক চৌধুরী বলেন, "টেকনাফ দেশের সর্বশেষ প্রান্তের একটি গুরুত্বপূর্ণ পৌর শহর। প্রতিদিন হাজারো পর্যটক ও সাধারণ মানুষ এখানে যাতায়াত করেন। ফুটপাত দখলের কারণে পথচারীদের মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করতে আমরা সৌন্দর্যবর্ধন প্রকল্প হাতে নিয়েছি। ফুটপাত দখলমুক্ত রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, "আমরা কাউকে হয়রানি করতে চাই না। ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হয়েছে। যারা নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
অভিযানের খবরে সাধারণ পথচারী ও সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে পৌর শহরের ফুটপাত দখল করে রাখায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও নারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো।
স্থানীয় এক কলেজ শিক্ষার্থী বলেন, "ফুটপাতের ওপর দোকান থাকায় আমাদের রাস্তায় নেমে হাঁটতে হতো। আজ প্রশাসনের এই উদ্যোগে আমরা খুশি। নিয়মিত এই অভিযান চললে টেকনাফ পৌর শহর আরও সুন্দর হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off