
নিজস্ব প্রতিবেদক, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে জমি বিক্রির পাওনা ৩ লাখ টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইকে ছুরিকাঘাত ও লাঠিপেটা করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদক দিয়ে ফাঁসানোসহ প্রাণনাশের হুমকির অভিযোগও করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী মো. ইলিয়াছ বাদী হয়ে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাটা বনিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
অভিযুক্তরা হলেন একই গ্রামের কবির আহমদের দুই ছেলে- জাহাঙ্গীর আলম ও শওকত আলম । তারা আপন দুই ভাই।
বাদীর অভিযোগ, প্রায় ৬ মাস আগে তাদের একটি জমি ৪ লাখ ৮০ হাজার টাকায় বিক্রির কথা হয়। ওই সময় বিবাদীরা ১ লাখ ৮০ হাজার টাকা দিয়ে বাকি ৩ লাখ টাকা এক মাসের মধ্যে পরিশোধের অঙ্গীকারে গত ডিসেম্বর ২০২৫-এ জমি রেজিস্ট্রি করে নেন। কিন্তু সময় মতো টাকা না দিয়ে তারা তালবাহানা করতে থাকেন। টাকা চাইতে গেলে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখান।
সর্বশেষ গত (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে সাবরাং ইউনিয়নের কাটা বনিয়া গ্রামে উসমানের মুরগির ফার্মে বিবাদীরা আছে খবর পেয়ে বাদী ইলিয়াছ ও তার ছোট ভাই মো. শফিক পাওনা টাকা চাইতে যান। তখন বিবাদীরা টাকা দেবে না বলে জানায় এবং পুনরায় টাকা চাইলে গুলি করে খুন ও মাদক দিয়ে ফাঁসানোর হুমকি দেয়।
তর্কাতর্কির এক পর্যায়ে ১নং বিবাদী জাহাঙ্গীর হাতে থাকা ছোরা দিয়ে বুকে ঘাই মারতে উদ্যত হলে বাদী বাম হাত দিয়ে ঠেকাতে গেলে তার বাম হাতের কনুইয়ের নিচে গুরুতর রক্তাক্ত জখম হয়। ভাই শফিক বাঁচাতে এলে তার বাম হাতের আঙুলেও ছুরির আঘাত লাগে। ২নং বিবাদী শওকত লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে দুজনকে জখম করে। পরে স্থানীয় কেফায়েত উল্লাহ এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।
আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তারা টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার রেফার করা হয়েছে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের নিকট জানতে চাইলে তিনি হামলার কথা স্বীকার করে বলেন, আমরাও আহত আমি কক্সবাজার থেকে চিকিৎসা শেষে মাত্র বাড়ি ফিরেছি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off