
মোঃ আরাফাত সানি, টেকনাফ, কক্সবাজার।
কক্সবাজারের উখিয়ায় ইয়াবা পাচারকালে ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন, উখিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্প-৮, ব্লক-বি এর বাসিন্দা মোক্তার হোসেনের ছেলে জোবায়ের (২০) এবং ক্যাম্প-৭, ব্লক-ই এর বাসিন্দা ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)।
আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম।
তিনি জানান, টহল চলাকালে সীমান্তবর্তী মিজানের ঘের নামক স্থান দিয়ে মিয়ানমার দিক থেকে ২ জন ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়। বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তাদের হাতে থাকা ৩টি পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টন ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে কিনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল।
অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে দৃঢ় অবস্থানে রয়েছে।
copy off
Leave a Reply