
বার্তা পরিবেশক ;
এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তির অপব্যবহার করে অস্ত্রসহ তার একটি ভুয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন টেকনাফের মোহাম্মদ আলম। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৪ নভেম্বর) প্রেরিত এক প্রতিবাদলিপি ও প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিবাদ জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে মোহাম্মদ আলম বলেন, “সাম্প্রতিক সময়ে আমার দৃষ্টিগোচর হয়েছে যে, একটি কুচক্রী মহল হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে অস্ত্রসহ আমার একটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে জনমনে মারাত্মক বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।”
তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে জানান, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তিনি এ ধরনের যেকোনো অপরাধমূলক ও অবৈধ কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ দূরে থেকে অত্যন্ত সুনামের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করে আসছেন।
মোহাম্মদ আলমের দাবি, মূলত একটি স্বার্থান্বেষী মহল পূর্বশত্রুতার জের ধরে বা তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে এআই দিয়ে এই কাল্পনিক ও বিভ্রান্তিকর ছবিটি তৈরি করেছে।
উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের জনসাধারণ এবং গণমাধ্যমকর্মীদের প্রতি বিনীত অনুরোধ জানান।
একই সঙ্গে সাইবার প্রযুক্তির অপব্যবহার করে যারা এ ধরনের মানহানিকর ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার ক্রাইম উইংয়ের নিকট জোর দাবি জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু যাচাই না করে এ ধরনের ভুয়া তথ্য বা ছবি শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আন্তরিক আহ্বান জানান মোহাম্মদ আলম।
বিনীত নিবেদক:
মোহাম্মদ আলম
টেকনাফ, কক্সবাজার।
copy off
Leave a Reply