
ঈদগাঁও (কক্সবাজার)
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন’ এই স্লোগানকে সামনে রেখে সোমবার (১৭ আগস্ট) বিকেলে দরগাহ পাড়া বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিটি দরগাহ পাড়া বাজার থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় যুবসমাজ, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শেষে দরগাহ পাড়া বাজার চত্বরে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
তিনি বলেন, “মাদক সমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে গ্রাস করে। ঈদগাঁও থানাকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়।
এ জন্য সমাজের প্রতিটি নাগরিক, অভিভাবক ও যুবসমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তরুণদের খেলাধুলা ও বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকাসক্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে।
কর্মসূচিতে ঈদগাঁও থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার মুরব্বি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার এবং মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।#
copy off
Leave a Reply