
মোঃ আরাফাত সানি, টেকনাফ।
টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ১ জনকে আটক করা হয়েছে এবং ২ জনকে পলাতক আসামি করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানিয়েছে, সোমবার (২৪ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত টেকনাফের শাপলা চত্বর ও নাফ নদী সংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকায় এই অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজিবির একটি দল শাপলা চত্বর এলাকায় অবস্থান নেয়। পরে একটি সাদা রঙের প্রোটন সাগা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ-১২-৯৪৪৩) আসলে তল্লাশি করা হয়।
গাড়ির পেছনের সিটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালক মো. ইয়াসিন (৪১) কে আটক করা হয়। তার বাড়ি টেকনাফের ডেইল পাড়া এলাকায়। এ অভিযানে প্রাইভেট কার ও একটি ভিভো অ্যান্ড্রয়েড ফোনও জব্দ করা হয়।
একই দিন সকাল ১০টায় নাজিরপাড়া বিওপির একটি টহল দল নাফ নদী সংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকায় অবস্থান নেয়। ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে ইঞ্জিনচালিত নৌকাযোগে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি তাদের ধাওয়া করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা নৌকাসহ মালামাল ফেলে পাশের কেওড়া বাগানে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত নৌকা তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত করা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ অভিযানে নৌকাটিও জব্দ করা হয়।
পলাতক ২ জন হলেন – ইমরান, পিতা আব্দুল শুকুর এবং ইয়াসের (২৪), পিতা মৃত নূর বাসার। দুজনেরই বাড়ি টেকনাফে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদকের অনুপ্রবেশ ও বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আটক আসামি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
copy off
Leave a Reply