
মো. আরাফাত সানি, টেকনাফ।
কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি) ও বিজিবির যৌথ অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআরবি-১৫ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে এসআরবি-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ও ২ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় মাদকের চালান হস্তান্তর হচ্ছে। পরে ভোর ৩টা ৩০ মিনিটে দক্ষিণ জালিয়াপাড়া ৪ নং ব্রিজের ১ নং সুইচ গেটের পশ্চিম পাশের খালে অভিযান চালিয়ে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ মো: ইদ্রিস (৪০) কে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ সদরের ডেইলপাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে।
একই দিনে অপর অভিযানে সকাল ১১টা ৩০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া ঘাট এলাকায় মাছ ধরার ট্রলার থেকে ২ লাখ ইয়াবাসহ আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-কচ্ছপিয়া এলাকার সুলতান আহমদের ছেলে মোঃ রিয়াজ (২৩) এবং নুরুল আলমের ছেলে আতাউর রহমান (২৪)।
দুই অভিযানে মোট ৫ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৩ আগস্ট থেকে আজ পর্যন্ত ১২০টি অভিযানে এসআরবি-১৫ প্রায় ১৩ লাখ ৯৭ হাজার ৪২৭ পিস ইয়াবা, ৩ কেজি আইস, ৩০.৫ কেজি গাঁজা, অস্ত্র ও গুলিসহ ১৫৮ জন আসামিকে গ্রেপ্তার ও ৪৬ জন ভিকটিমকে উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এসআরবির সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
copy off
Leave a Reply