
মোঃ আরাফাত সানি, টেকনাফ
দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাচ্ছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আজ সচিবালয়ে গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
তিনি জানান, আজ সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় উখিয়ার ইনানী জেটি ঘাট, টেকনাফের দমদমিয়া জেটি ঘাট এবং শাহপরীর দ্বীপ জেটি ঘাট – এই তিনটি ঘাটের যেকোনো একটি দিয়ে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত প্রতিদিন প্রায় ৪ হাজার পর্যটক যাতায়াতের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে:পর্যটকের সংখ্যা নির্ধারণ,ভ্রমণের সময়সীমা চূড়ান্তকরণ, জাহাজ ছাড়ার স্থান নির্ধারণ, দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ,পর্যটকদের সার্বিক নিরাপত্তা, সুষ্ঠু যাতায়াত ব্যবস্থাপনা।
এমপি শাহজাহান চৌধুরী আরও বলেন, শুধু পর্যটক নয়, আমার সেন্টমার্টিনের ১০ হাজার বাসিন্দার প্রতিদিনের যাতায়াতের বিষয়টিও সভায় গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। স্পিডবোট, ট্রলার ও কাঠের বোটে যাতে স্থানীয়রা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
তিনি আশ্বস্ত করে বলেন, “সংশ্লিষ্ট মন্ত্রণালয় সকল দিক বিবেচনা করে আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, ইনশাআল্লাহ।”
এদিকে সচিবালয়ের এই সভার খবরে সেন্টমার্টিন, টেকনাফ ও উখিয়ার পর্যটন ব্যবসায়ী, জাহাজ মালিক এবং স্থানীয়দের মাঝে আশার সঞ্চার হয়েছে। গত দুই মৌসুম ধরে পর্যটক সংকটে দ্বীপের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। সকলেই এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।
copy off
Leave a Reply