
নিজস্ব প্রতিবেদক, টেকনাফ।
বহু অপকর্মের মূল হোতা ও সেনা হত্যার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত আসামি আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত টেকনাফের পাহাড়ে অপহরণ, মানব পাচার ও খুন বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী।
শনিবার (১৪ নভেম্বর) সচেতন রোহিঙ্গা ও স্থানীয়দের সাথে কথা বললে তারা এই অভিযোগ করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে পাহাড় ও সীমান্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে আলম ডাকাতের চক্র। অপহরণ করে মুক্তিপণ আদায়, মানব পাচার, ডাকাতি ও খুনসহ নানা অপরাধের সাথে এই চক্রটি জড়িত বলে অভিযোগ তাদের।
সচেতন এলাকাবাসীর ভাষ্য, “আলম ডাকাত যতদিন গ্রেফতার হবে না, ততদিন অপহরণ, মানব পাচার, খুন বন্ধ হবে না। তার নেতৃত্বেই এসব অপরাধ সংঘটিত হচ্ছে।”
তারা আরও বলেন, আলম ডাকাতের কারণে সাধারণ মানুষ এখনো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। পাহাড়ে কৃষিকাজ করতে যাওয়া, রাস্তায় চলাচল করা এমনকি নিজ বাড়িতেও নিরাপদ বোধ করছেন না সাধারণ রোহিঙ্গারা।
এলাকাবাসী ও সাধারণ রোহিঙ্গারা দ্রুত আলম ডাকাত ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। একই সাথে সেনা হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
copy off
Leave a Reply