
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপি’র রাডার নজরদারির মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের প্রাক্কালে মালিকবিহীন অবস্থায় ৫৩ বস্তা সারসহ ১টি ইঞ্জিনচালিত সাম্পান বা নৌকা জব্দ করা হয়েছে। তবে ওই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার (২১আগস্ট ) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,গত বৃহস্পতিবার রাতে সাবরাং বিওপিতে স্থাপিত রাডারের মাধ্যমে দায়িত্বপূর্ণ নাফ নদীতে সন্দেহজনক একটি নৌযানের গতিবিধি শনাক্ত করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপি’র একটি আভিযানিক দল তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে ওবিএম পোস্ট সংলগ্ন নাফ নদীতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের প্রাক্কালে মালিকবিহীন অবস্থায় ১টি ইঞ্জিনচালিত সাম্পান নৌকাসহ ৫৩ বস্তা সার জব্দ করে।
উল্লেখ্য, সীমান্তে চোরাচালান প্রতিরোধে টেকনাফ ব্যাটালিয়ন প্রচলিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও রাডার নজরদারি ব্যবস্থার মাধ্যমে নাফ নদীতে সন্দেহজনক নৌযান ও চোরাচালান কার্যক্রম শনাক্তকরণে সার্বক্ষণিক তৎপর রয়েছে।
অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি বলেন, বাংলাদেশ হতে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মিয়ানমার হতে বাংলাদেশে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। টেকনাফ ব্যাটালিয়নের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত সার ও ইঞ্জিনচালিত সাম্পান নৌকার বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
copy off
Leave a Reply