
বিশেষ প্রতিবেদক,
আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে টেকনাফে আয়োজিত ‘পিস অ্যান্ড সোশ্যাল কোহেশন কনফারেন্স’-এ শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইউনিটি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড অপরচুনিটি অফ ইউথ’ (উদয়)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
’ইউথ-লেড পিসবিল্ডিং অ্যান্ড সোশ্যাল কোহেশন ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার’ প্রকল্পের আওতায় শেড এবং অ্যাকশনএইড বাংলাদেশের অংশীদারিত্বে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এই সম্মেলনের আয়োজন করা হয়। ২৩ সেপ্টেম্বর টেকনাফ শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আয়োজনে শান্তিনির্মাণ ও সামাজিক সংহতিতে বিশেষ অবদানের জন্য টেকনাফের ১৫টি যুব নেতৃত্বাধীন সংগঠনকে স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উদয়-এর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা বিলাল উদ্দিন। এ সময় সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুজন এবং সদস্য মোর্শেদা উপস্থিত ছিলেন।
উদয় তরুণদের নেতৃত্বে শান্তি, সামাজিক সংহতি, পারস্পরিক বোঝাপড়া ও সামাজিক অংশগ্রহণ জোরদারে বিভিন্ন সম্প্রদায়-ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অ্যাকশনএইড বাংলাদেশ ও শেড-এর সহযোগিতায় সংলাপ, অংশগ্রহণ এবং সৃজনশীল উদ্যোগের মাধ্যমে স্থানীয় তরুণদের শান্তিনির্মাণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সংহতি শক্তিশালী করতে কাজ করছে সংগঠনটি।
বিশেষ করে সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শান্তিনির্মাণের কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করে তরুণদের নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ, পারস্পরিক যোগাযোগ, মানসিক স্বস্তি এবং সামাজিক অংশগ্রহণের সুযোগ তৈরিতেও উদয় কাজ করে যাচ্ছে।
সম্মেলনে দায়িত্বশীল ব্যক্তিবর্গ, যুব প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে প্যানেল আলোচনা, যৌথ শান্তি কর্মপরিকল্পনা স্বাক্ষর, ক্যাম্প ও স্থানীয় তরুণদের সাংস্কৃতিক পরিবেশনা এবং যুবদের শান্তির বার্তা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
উদয়-এর পক্ষ থেকে এই সম্মাননাকে সংগঠনের চলমান শান্তিনির্মাণ ও সামাজিক সংহতিমূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। সংগঠনটির মতে, এই স্বীকৃতি তরুণদের নেতৃত্বে আরও অর্থবহ, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক শান্তিনির্মাণ উদ্যোগ বাস্তবায়নে তাদের দায়িত্ববোধ ও অনুপ্রেরণাকে আরও শক্তিশালী করবে।
copy off
Leave a Reply