
পর্ব -১
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
মিয়ানমারের নাগরিক হয়েও কক্সবাজার টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ড ইসলামাবাদের পরিচয় ব্যবহার করে চট্টগ্রামে অবস্থান করে হুন্ডি ও ইয়াবা কারবার নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে ইসহাকের ছেলে মোঃ নূর নামে এক যুবকের বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের অভিযোগ, মোঃ নূর চট্টগ্রামে থেকে বাংলাদেশি টাকা হুন্ডির মাধ্যমে মিয়ানমারে পাচার করেন এবং তার বিনিময়ে মিয়ানমার থেকে তার জিম্মায় বড় বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করে। পরবর্তীতে সেই চালান দেশের বিভিন্ন বড় মাদক ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, টেকনাফ উপজেলাসহ চট্টগ্রামে তার কোটি টাকার ফ্ল্যাট-বাড়ি রয়েছে এবং অর্থের বিনিময়ে তিনি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংগ্রহ করেছেন।
এক সূত্র জানান, “মোঃ নূরের মতো কিছু ব্যক্তির কারণে সীমান্তে মাদক আসা বন্ধ হচ্ছে না। হুন্ডি ব্যবসার আড়ালে তারা মাদক কারবার করে যাচ্ছে।”
এদিকে সিআইডির তদন্ত সূত্রে জানা গেছে, বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে শুধু রেমিট্যান্সের টাকাই আসছে না, ইয়াবা বা মাদক ব্যবসার লেনদেনের টাকাও মোবাইল ব্যাংকিং ব্যবহার করে দেশের বাইরে পাঠানো হচ্ছে। সম্প্রতি টেকনাফে মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলার তদন্তে সিআইডি জানতে পারে, টেকনাফ থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রির পর সেই টাকা আবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টেকনাফে পাঠিয়ে হাত ঘুরে মিয়ানমারে চলে যাচ্ছে। এই সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ নূরের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
দ্বিতীয় পর্বে আসছে আরো চাঞ্চল্যকর তথ্য…
copy off
Leave a Reply