
টেকনাফ প্রতিনিধি:
মাদক, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলাই সবচেয়ে কার্যকর হাতিয়ার বলে মন্তব্য করেছেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী।
মঙ্গলবার (৬ অক্টোবর) টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া নয়া পাড়া ক্রিকেট মাঠে আন্তঃউপজেলা জেএসিএফ চ্যাম্পিয়নস ট্রফি-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণদের মাঠে রাখতে পারলে তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও দায়িত্বশীলতা শেখায়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন জহুর আলম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হ্নীলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবছার কামাল ছিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, ৯ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ছৈয়দুল আমিন চৌধুরী, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুলফিকার আলী ভুট্টো, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার সদস্য সচিব মাহমুদুল হক মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ মিন্টু, যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন, সদস্য শাহ কামাল রোমেল ও ফাউন্ডেশনের ফাউন্ডার ফয়সাল জহুর চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচে এমআই ক্রিকেট একাদশের মুখোমুখি হয় আর কে স্পোর্টস একাডেমি। টস জিতে ব্যাট করে এমআই ১২ ওভারে ১৩১ রানের চ্যালেঞ্জিং স্কোর করে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়লেও উদীয়মান ক্রিকেটার আব্দুল্লাহর দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় আর কে স্পোর্টস একাডেমি। তার দৃষ্টিনন্দন শটে মাত্র ১ উইকেট হারিয়ে ও ১৪ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট শুধু ক্রিকেট নয়, তরুণদের মাঠমুখী করা এবং স্থানীয় প্রতিভা বিকাশের একটি উদ্যোগ।
copy off
Leave a Reply